বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। যতই হামলা মামলা করা হোক না কেন জনগণকে নিয়ে বিএনপি তাদের দুঃশাসনের প্রতিবাদ করবেই।
রবিবার (১৮, সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের ফুল্লরা চত্বরে রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার অভিযোগে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতারুল আলম ফারুক বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে নির্দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমরা ভাই ভাই, সকলের বাবা, মা, সন্তান আছে। তাই মানুষের প্রতি হিংস্র না হয়ে সদয় ভুমিকা পালন করুন।
সব ধরনের দ্রব্য মূল্যের উর্ধগতি দাবি করে ফারুক বলেন, দেশের মানুষ বাজার করতে গেলে দিশেহারা হয়ে পরে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এ থেকে পরিত্রাণের জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ঝাপিয়ে পড়ে অধিকার আদায় করতে হবে। এসময় তিনি গণমাধ্যমের সদস্যদের সঠিক ও সত্য সংবাদ প্রচার করার অনুরোধ জানান।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিবাদ সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
