বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো বিডিইউ’কে গড়ে তোলা হবেঃ উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় সেভাবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে বিডিইউ’কে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।
বৃহস্পতিবার ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোগ্রামের শিক্ষার্থীদের আয়োজনে কালচারাল নাইট ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ,শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফুজ্জামান-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন,শিক্ষা জীবনে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চাকরির বাজার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সিজিপিএ এর উপর নির্ভর করে না। এখানে নেতৃত্বের গুণাবলী,যোগাযোগ দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা,স্মার্টলি কাজ করার দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতাসহ আরও অনেকগুলি দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতাগুলি শিক্ষার্থীদের অর্জন করতে হবে।