জবিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গানে-গানে জন্মজয়ন্তী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংগীত বিভাগ।
সোমবার (৮ মে) সকাল ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গানের মাধ্যমে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। সংগীত বিভাগের এধরণের আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড়ো পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যায়েই রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালনের ইচ্ছে আছে আমাদের। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হবে।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন, ছাত্র কল্যান পরিচালক, শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-সৃষ্টির গান গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐ মহামানব আসে’ গানটি সমবেতকন্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১৯টি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গান করেন শিক্ষক শিক্ষার্থীরা। সর্বশেষ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের দায়, মহামানবের দায়। প্রতিটা জন্মই তাঁর কাছে মহামানবের জন্ম হিসেবে বিবেচিত হয়েছিল। নিজের জন্মদিনকে সংবর্ধিত করতে তাই তিনি গান লিখতে পেরেছিলেন। একটু কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন।