আড্ডা আর স্মৃতির মোহনা: চট্টগ্রাম কলেজের ‘জিরো পয়েন্ট’
উম্মে সালমা:
বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। চকবাজারে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পরতে পরতে ছড়িয়ে আছে নানা ইতিহাস। আর এই ক্যাম্পাসের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আড্ডাস্থল হলো ‘জিরো পয়েন্ট’। ক্যাম্পাসের ভেতরের খোলামেলা এই জায়গাটি মূলত শিক্ষার্থীদের আড্ডা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন উৎসবের প্রাণকেন্দ্র। দিনের কোলাহল থেকে শুরু করে রাতের নিস্তব্ধতা—সব মিলিয়ে উন্মুক্ত এই প্রাঙ্গণের পরিবেশ বরাবরই অনবদ্য ও আকর্ষণীয়।
কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন প্রবেশদ্বার এলাকাটিই মূলত ‘জিরো পয়েন্ট’ নামে পরিচিত। প্রতিটি শিক্ষার্থীর কাছে জায়গাটি যেন মায়ায় ঘেরা এক আবেগের নাম, ভালোবাসার এক অনন্য ঠিকানা। সারি সারি মেহগনি গাছের ছায়া, মাঝখান দিয়ে বয়ে চলা পথ, একপাশে বিশাল প্যারেড গ্রাউন্ড আর ঐতিহাসিক ভবনের স্থাপত্য—সব মিলিয়ে এখানে এক স্নিগ্ধ ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। চারপাশের সবুজ গাছপালা আর মুক্ত বাতাস শহরের যান্ত্রিক কোলাহলের মাঝেও এনে দেয় প্রকৃতির নির্মল ছোঁয়া। ক্লাস বিরতি হোক বা পড়ন্ত বিকেল, জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে আড্ডা, গান আর চায়ের কাপে ঝড় তোলার এক অদ্ভুত মাদকতা রয়েছে। শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও শহরের কংক্রিটের ভিড়ে কিছুটা প্রশান্তির খোঁজে প্রকৃতির এই সান্নিধ্যে ছুটে আসেন।
কলেজের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক উৎসব, খেলাধুলা কিংবা জাতীয় দিবসের আয়োজনে সবসময় মুখরিত থাকে এই প্রাঙ্গণ। ক্যাম্পাসের কেন্দ্রীয় স্থান হওয়ায় এখান থেকে কলেজের প্রাচীন ভবন ও সবুজ মাঠের চমৎকার দৃশ্য খুব সহজেই উপভোগ করা যায়। কোলাহলমুক্ত ও খোলামেলা পরিবেশের কারণে শিক্ষার্থীদের কাছে এটি এক পরম শান্তির আশ্রয়। ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে স্নিগ্ধ এই জায়গাটি। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে গোল হয়ে বসে আড্ডা, গ্রুপ স্টাডি কিংবা টুকটাক মতবিনিময়ের জন্য সবার প্রথম পছন্দ এই জিরো পয়েন্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে এখানকার মৃদু হাওয়া যেন নিমিষেই দূর করে দেয় সারা দিনের ক্লান্তি।
গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত—ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিরো পয়েন্টও যেন আপন রূপ বদলায়। ভিন্ন ভিন্ন ঋতুতে জায়গাটির ভিন্ন ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে। এই আড্ডার প্রতিটি কোণায় মিশে আছে শিক্ষার্থীদের কত শত স্মৃতি। গোল হয়ে বসে চায়ের আড্ডা, র্যাগ ডে-এর আনন্দ-উচ্ছ্বাস, দলবেঁধে ছবি তোলা, হঠাৎ বৃষ্টিতে ভেজা কিংবা নেচে-গেয়ে মেতে থাকার সেই দিনগুলো একসময় শুধুই স্মৃতি হয়ে যায়। তবে হৃদয়ের গহিনে সেই স্মৃতিগুলো চিরকাল অম্লান থাকে। জিরো পয়েন্টের প্রতিটি মুহূর্ত এখানে আসা প্রতিটি মানুষের কাছেই এক অমূল্য স্মৃতি হয়ে বেঁচে থাকবে আজীবন।
শুভ্র/