ময়মনসিংহে প্রথমবারের বসেছে পুরাতন গাড়ির হাট
ময়মনসিংহে প্রথমবারের মত বসেছে পুরাতন গাড়ির হাট। ঢাকা ও চট্টগ্রামের পর শনিবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরের কাচারি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এ হাট শুরু হয়েছে। ময়মনসিংহ চেম্বার অব কর্মাসের সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি সকালে আনুষ্ঠানিক ভাবে এ হাট উদ্বোধন করেন।
ময়মনসিংহে পুরাতন গাড়ির হাট ‘কার হাটের’ উদ্যোক্তা রাকিবুল ইসলাম শাহীন জানান, আজ থেকে শুরু হওয়া এ হাট সপ্তাহের প্রতি শনিবার বসছে। আপাতত নগরীর কাচারি ঘাটে নদীর পাড়ে এ বসবে। হাটের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স করা হয়েছে বলেও জানান রাকিবুল ইসলাম।
উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ময়মনসিংহের মানুষ এখনো এ ধরণের হাটে অভ্যস্ত নন। প্রথম দিনে অনেক ক্রেতা বিক্রেতা এসেছেন। তবে বিকাল পর্যন্ত কোন গাড়ি বিক্রি হয়নি। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, কার হাটের উদ্যোক্তার পক্ষ থেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এ হাট শুরু হয়েছে।
এ হাটে বিক্রির জন্য আনা গাড়িকে ১ হাজার টাকার বিনিময়ে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে হাটে গাড়ী বিক্রি হলে বিক্রেতার কাছ থেকে আড়াই শতাংশ হারে টাকা আদায় করা হবে।