গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ পাচ্ছেন সামমাম সাকতি
গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ এ এডুকেশনাল চেঞ্জ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বাংলাদেশী তরুণ সামমাম সাকতি সাহাদাত। ‘এসডিজি ৪ঃ মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রাউন্ড টেবিল গ্লোবাল প্রতিবছর শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও ব্যক্তি ক্ষমতায়নে অবদান রাখার জন্য বৈশ্বিকভাবে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে আসছে।
সামমাম সাকতি বর্তমানে আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রদানকারী সংস্থা কিডস রাইটস-এর সহায়তায় বিশ্বব্যাপী প্রায় দশটি দেশে ২০৩০ সালের মধ্যে শতাধিক শিক্ষিত জনমাত্রা অর্জনের লক্ষ্যে “এডুকেশন ফর অল” প্রজেক্টের নেতৃত্ব প্রদান করছেন।
করোনাকালে দেশে অবস্থান করে সামমাম সাকতি পড়াশোনার পাশাপশি নিজেকে বিভিন্ন সৃজশনীল কাজে ব্যস্ত রেখেছেন। কাজ করেছেন মানসম্মত শিক্ষা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন কমানোর নানা বিষয় নিয়ে।
এছাড়া সামমাম সাকতি জাতিসংঘের অনলাইন মডেল ইউনাইটেড ন্যাশনসের উপ মহাসচিব হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বের বৃহত্তম ছাত্র সংস্থা ‘আইসেক’-এর এক্সচেঞ্জ পার্টিসিপেন্ট হিসেবেও কাজ করছেন। তার সম্পৃক্ততা রয়েছে আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা ইউনাইট ২০৩০ এ ইয়ুথ ডেলিগেট হিসেবে।
সামমাম সাকতির শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর মিরপুরে। শিক্ষক বাবা এস এম সাহাদাত হোসেন আর মা রত্না পারভীন রুপা’র পরিবারে সামমামের বেড়ে উঠার সাথী ছোটো ভাই সায়েদ সাকতি। মায়ের স্বপ্ন ছিল চিকিৎসক হবে তার ছেলে। কিন্তু বাবা হারিয়ে উচ্চ মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে নতুন স্বপ্ন নিয়ে এগুতে থাকে পরিবার। নাসার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে সামমাম সাকতি।