রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সামাজিক দায়বদ্ধতা: রঙ্গালয় একটি সাংস্কৃতিক আন্দোলন

জাগো বুলেটিন ID: EP-39837

নেত্রকোনার সুসং দূর্গাপুরের পাহাড়, নদী, হাওড় আর মানুষের জীবনসংগ্রাম থেকে জন্ম নেওয়া এক রঙিন স্বপ্নের নাম রঙ্গালয়। এটি কেবল একটি হস্তশিল্পভিত্তিক লাইফস্টাইল ব্র্যান্ড নয়; বরং সংস্কৃতি, পরিচয়, ঐতিহ্য এবং মানুষের সম্মিলিত স্বপ্নকে ধারণ করা একটি সাংস্কৃতিক আন্দোলন।

রঙ্গালয়ের অর্থ ‘রঙের আলয়’ বা ‘রঙের ঘর’। প্রতিষ্ঠাতা কামরুন্নাহার মুন্নীর ভাবনায় এটি এমন একটি স্থান, যেখানে রং শুধু নান্দনিকতার বিষয় নয়, বরং মানুষের আত্মপরিচয়, ইতিহাস এবং শেকড়ের সঙ্গে সংযোগের ভাষা। তাই রঙ্গালয়ের প্রতিটি পণ্যে থাকে গল্প, প্রতিটি নকশায় থাকে সংস্কৃতির ছাপ, আর প্রতিটি রঙে থাকে মানুষের জীবনযাপনের প্রতিফলন আর রক্ত আর ঘামের সুদীর্ঘ ইতিহাস।

২০০৯ সালে যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল, তা আজ শত মানুষের অংশগ্রহণে এক বৃহৎ পরিবারে পরিণত হবার যাত্রায়। বর্তমানে প্রায় ৬০ জনের বেশি মানুষ সরাসরি এই উদ্যোগের সঙ্গে যুক্ত। দেশের নানান জায়গা থেকে কেউ হাতে বোনা কাপড় আর সুতা যোগার করেন, কেউ নকশা আঁকেন, কেউ কাপড়কে ক্যানভাস সুঁইকে তুলি আর সুতাকে করে রং পণ্যে নকশার প্রাণ সঞ্চার করেন, কেউ ছবি তোলেন, কেউ সেই কাপড়টা পরে নয় ধারণ করে দাঁড়ান ক্যামেরার সামনে, কেউ আবার বিপণন কিংবা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এই সম্মিলিত শ্রমই রঙ্গালয়ের শক্তি।

রঙ্গালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর হাতে তৈরি পণ্য। শিল্পায়নের যুগে যেখানে দ্রুত উৎপাদনই প্রধান লক্ষ্য, সেখানে রঙ্গালয় বিশ্বাস করে ধীরস্থির সৃষ্টিতে (স্লো ফ্যাশনে)। তাদের প্রতিটি পোশাক, অলংকার কিংবা গৃহসজ্জার সামগ্রী তৈরি হয় যত্ন, মমতা এবং মানবিক স্পর্শে। ফলে একটি পণ্য শুধু পণ্য থাকে না; হয়ে ওঠে একজন কারিগরের অনুভূতি, একটি পরিবারের সংগ্রাম কিংবা একটি অঞ্চলের ইতিহাসের বাহক।

ব্র্যান্ডটির নকশা দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। গারো পাহাড়, সোমেশ্বরী নদী, আদিবাসী শিল্পচর্চা, নারীর ক্ষমতায়ন এবং বাংলার লোকজ সংস্কৃতি তাদের সৃষ্টিশীলতার প্রধান অনুপ্রেরণা। সেই সঙ্গে সমকালীন বৈশ্বিক নান্দনিকতাকেও গুরুত্ব দেওয়া হয়, যাতে স্থানীয় কারুশিল্প আন্তর্জাতিক পরিসরেও গ্রহণযোগ্যতা পায়।

রঙ্গালয়ের রঙিন জগতের পেছনেও রয়েছে একটি বিশেষ দর্শন। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন সহজ নয়, কিন্তু উৎসবপ্রিয়তা এবং রঙের প্রতি তাদের ভালোবাসা অসাধারণ। সংগ্রামের মধ্যেও তারা আনন্দ উদযাপন করে- রং মুখরতা পায় তাদের দৈনন্দিনতায়। সেই জীবনবোধ থেকেই রঙ্গালয়ের রঙের ব্যবহার। লাল, সবুজ, হলুদ কিংবা মাটি—সবকিছুই যেন মানুষের বেঁচে থাকার শক্তি এবং আশার প্রতীক। রক্তের সাথে লাল, সবুজের সাথে প্রকৃতি আর হলুদের সাথে পূর্ণতা। রঙ্গালয়ে এরা আর রং থাকে না হয়ে ওঠে জীবন আর সংগ্রামের সেতু সমতুল্য।

রঙ্গালয়ের স্বাক্ষর মোটিফ ‘জংলা’ও তেমনই এক প্রতীকী চিন্তা। গারো পাহাড়ে ফোটা জংলাফুলের নামানুসারে তৈরি এই মোটিফ সেইসব মানুষের প্রতিনিধিত্ব করে। যাদের সমাজ অনেক সময় ‘জংলি’ বলে অবহেলা করে। রঙ্গালয় সেই পরিচয়কে গর্বে রূপান্তর করেছে। তাদের ভাষায়, সভ্যতার সূচনা হয়েছে অরণ্য থেকেই; তাই জংলা মানে পশ্চাৎপদতা নয়, বরং শক্তি, সৌন্দর্য এবং সম্ভাবনা আর খাঁটিত্ব।

শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতাও রঙ্গালয়ের অন্যতম ভিত্তি। প্রতিষ্ঠানটি বিশেষভাবে কাজ করে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায় এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সঙ্গে। বিশেষ করে নারীদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিই লক্ষ্য। এখানে নারীদের করুণা নয়, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
রঙ্গালয়ের সংগ্রহেও রয়েছে বৈচিত্র্য। নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের জন্য আলাদা পোশাক বিভাগ ছাড়াও রয়েছে উৎসবভিত্তিক, ঋতুভিত্তিক, পারিবারিক সেট, গৃহসজ্জা এবং অলংকারের সংগ্রহ। প্রতিটি বিভাগেই থাকে রঙ্গালয় যাত্রার গল্প এবং সমকালীন রুচির সমন্বয়।

আজকের বিশ্বায়নের যুগে যখন অনেকেই নিজেদের সাংস্কৃতিক পরিচয় হারিয়ে ফেলছে, তখন রঙ্গালয় নতুন করে মনে করিয়ে দেয়—শেকড়ের সঙ্গে সংযোগ রাখাই প্রকৃত আধুনিকতা। কেননা ঐতিহ্যই বিশ্বমঞ্চে আত্মপ্রকাশের সবচেয়ে শক্তিশালী ভাষা।
রঙ্গালয় তাই শুধু একটি ব্র্যান্ড থাকে না; এটি রঙের মাধ্যমে মানুষকে যুক্ত করার এক প্রয়াস। কারুশিল্পের মাধ্যমে পরিচয় নির্মাণের এক আন্দোলন এবং শেকড়কে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক ধীরময় সাহসী যাত্রা।