প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি

আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইফাদ অটোস পিএলসির প্রোডাকশন ইঞ্জিনিয়ার এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডন থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর এই পুরস্কারপ্রাপ্তির ঘোষণা দেওয়া হয়।
প্রিন্সেস ডায়ানার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই আন্তর্জাতিক পুরস্কার বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন তরুণদের স্বীকৃতি দেয়, যাঁরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
পেশাগত জীবনে ইফাদ অটোস পিএলসিতে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সামমাম সাকতি। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন ইয়ুথ আর্মি ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
তাঁর নেতৃত্বে পরিচালিত সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ‘এডুকেশন 4 অল’। প্রকল্পটির লক্ষ্য সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা। এর আওতায় শিশুদের বিনামূল্যে শিক্ষা, বই, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর কান্ট্রি ডিরেক্টরদের মাধ্যমে ১০টি দেশে প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিক্ষার প্রসারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বীজ সংরক্ষণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও কাজ করছে সংগঠনটি। এসব কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সামমাম সাকতির এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ সমাজকর্মীদের সক্ষমতা, নেতৃত্ব ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৌশল পেশার পাশাপাশি সামাজিক উন্নয়নে তাঁর অবদান কর্মজীবন ও মানবিক উদ্যোগের সমন্বয়ের একটি দৃষ্টান্ত।
শুভ্র/