রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আশরাফ আলী চারু: শিশুসাহিত্যের একনিষ্ঠ কর্মী

জাগো বুলেটিন ID: EP-20762

শরাফ আলী চারু একাধারে একজন জনপ্রিয় ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক। এছাড়াও তিনি গীতিকবিতা, কথাসাহিত্য, পুথি ও প্রবন্ধ লেখেন। জন্ম ১৯৮২ খ্রিস্টাব্দের দশ ফেব্রুয়ারি। নিজ জেলা শেরপুর। পিতা মোঃ নূরুল ইসলাম ও মাতা রাশিদা বেগমের ঘরের বড় সন্তান। শৈশব কেটেছে শেরপুর জেলার প্রকৃতিঘেরা গ্রামাঞ্চল কাউনের চরে। তিনি শ্রীবরদী কামিল স্নাতকোত্তর মাদ্রাসা হতে কামিল, শেরপুর সরকারি কলেজ হতে বিএ এবং আনন্দ মোহন কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর অধিনে পিটিআই নেত্রকোনা হতে অর্জন করেছেন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিগ্রি। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর টান।

১৯৯৫ খ্রিস্টাব্দ থেকে তিনি লেখালেখি শুরু করেন। প্রথম লেখা প্রকাশ হয় স্থানীয় ভাবে প্রকাশিত মাধবী নামক ম্যাগাজিনে। এরপর ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পোস্টকার্ড পত্রিকায়। এরপর থেকে জাতীয় দৈনিকের শিশুসাহিত্যের পাতায় নিয়মিত ছড়া ও গল্প ও সাহিত্য পাতায় প্রবন্ধ ছাপা হয়। ২০০৫ সাল পর্যন্ত এম. আশরাফ (চারু) নামে লেখালেখি করে চলে যান অন্তরালে।

২০১৫ সালে ডিপিএড করার সময় পিটিআই নেত্রকোনায় সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়ে তাঁর সম্পাদনায় বের হয় ‘তরুণিমা ম্যাগাজিন’। এরপর আবার প্রকাশ্যে আসেন তিনি। ২০১৭ সালে ‘সাহিত্য ভুবন’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে অনুপ্রাণিত হোন কবি কাজী রোজী কর্তৃক।

ঐ প্রেরণা থেকেই অমর একুশে বইমেলা ২০১৮ খ্রিস্টাব্দে বের হয় তাঁর কবিতাগ্রন্থ ‘স্বপ্ন পশরা’ এবং শিশুকিশোর গল্পগ্রন্থ ‘টুনটুনির পাঠশালা’। একই সালে গল্পগ্রন্থটি অসমীয়া ভাষায় অনূদিত হয়ে প্রকাশ হয় আসামে।

তাঁর সম্পাদনায় বের হয় কাশফুল ছন্দ পাতা। এছাড়াও বের হয়েছে কবিতা সংকলন ‘স্বপ্ন বিলাসী’। তিনি ‘সাহিত্যাঙ্গন ডটকম’ ও ‘মাহির প্রকাশন’ এর কর্ণধার।

তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৯৯ খ্রিস্টাব্দে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- কাজল চোখের কান্না, স্বপ্ন পশরা, মুখোশের মুখোশ, টুনটুনির পাঠশালা, লালপুঁটি ব্যাঙমাসি, অচিনপুরের গল্পের ঝুলি, নির্বাক জননী, বসন্ত ছোঁয়নি মন, ছড়ার দেশে পাখির বেশে ও সম্পাদনা স্বপ্ন বিলাসী। এছাড়াও অসংখ্য যৌথ গ্রন্থ রয়েছে তাঁর।

তিনি জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখছেন। লিখছেন নবারুণ, মাসিক শিশু, শাপলা দোয়েল, ঝুমঝুমি ও কিশোর বাংলাসহ বিভিন্ন ম্যাগাজিন/লিটল ম্যাগে। বিদেশি ভাষায় অনূদিত হয়েছে তাঁর অনেক কবিতা। উল্লেখ যে, ‘অচিনপুরের গল্পের ঝুলি’ শিশুকিশোর গল্পগ্রন্থটি ২০২২ খ্রিস্টাব্দে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ হয়েছে কলকাতার সৃষ্টি প্রকাশন থেকে। আশরাফ আলী চারু বহুমাত্রিক লেখক হলেও নিজেকে শিশুসাহিত্যের কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। বলেন, তিনি একজন শিশুসাহিত্যের সেবক।

লেখালেখির জন্য পেয়েছেন বিভিন্ন সম্মাননা ও পুরস্কার। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- কবি জসীমউদ্দিন কবিতা পদক ২০১৮, বীর মুক্তিযোদ্ধা সায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক সম্মাননা ২০১৯, আওয়ার শেরপুর সেরা লেখক সম্মাননা ২০২০, আলোকিত শ্রীবরদী সেরা কবি সম্মাননা ২০২০ ও শেকড় গুণীজন সম্মাননা ২০২২।

তাঁর স্ত্রী একজন প্রকাশক। ইতোমধ্যে প্রকাশক হিসেবে মাহির প্রকাশন থেকে প্রকাশ করছেন একটি বই। চার সন্তানের বড়মেয়ে পড়াশোনা করে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেজোমেয়ে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোটমেয়ে কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সবার ছোট ছেলে। ছেলের বয়স তিন বছর।

শিশুসাহিত্যিক আশরাফ আলী চারু’র পথচলা হোক সাহিত্যময় এই কামনা করছি।