রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আজ সুফিয়ান আহমদ চৌধুরী’র জন্মদিন

জাগো বুলেটিন ID: EP-30270

মোহাম্মদ অংকন, ঢাকা: সুফিয়ান আহমদ চৌধুরী, কবি-ছড়াকার-গল্পকার-সংগঠক-আইনজীবী। ১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু-কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল। পরবর্তীতে শিশু-কিশোর সাহিত্যসহ সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকী-সংকলনে লিখে চলেছেন অবিরাম। সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদিঘির পূর্বপাড়ের স্থায়ী বাসিন্দা জনাব সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন। তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী (নাজ) এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থসমূহ হচ্ছে- ‘নিধিরাম সর্দার’, ‘রাজার চোখে বানের পানি’, ‘স্মৃতির ক্যানভাসে’, ‘কোলা ব্যাঙের বিয়ে’, ‘সুবর্ণ ভোর’, ‘যত দূরে যাই’, ‘ইলিক ঝিলিক রোদের হাসি’, ‘কাকতাড়ুয়ার ভয়’, ‘পোড়াবাড়ি’, ‘টিকটিকি ঠিকঠিক’, ‘খাঁচার পাখির জীবন’, ‘নির্বাচিত ১০০ ছড়া’, ‘বৃষ্টিভেজা রাত’, ‘আমপাতা জামপাতা’, ‘ধাপুস ধুপুস’, ‘স্বর্ণালী দিনের ডায়েরি’ ও ‘আলোর পতাকা হাতে’। আসন্ন অমর একুশে বইমেলাতেও বেশ কিছু বই প্রকাশ হবে।

তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আদর্শ বাঙালির মন-মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ-মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্বুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন। তিনি ‘ছড়া পরিষদ, সিলেট’, ‘সিলেট সাহিত্য পরিষদ’ ও ‘স্বদেশ ফোরাম, নিউইয়র্ক’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ্যাতি অর্জন করেছেন দেশ-বিদেশে। তিনি ‘জালালাবাদ ল’সোসাইটি, ইউএসএ’-এর সাধারণ সম্পাদকও। জড়িত রয়েছেন বহু সাহিত্য-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও। তিনি সাহিত্য সাময়িকী “জীবন মিছিল”-এর সম্পাদক। এছাড়া আরো সম্পাদনা করেছেন ‘আইন দর্পণ’, ‘কিশোর দর্পণ’ ও ‘বঙ্গবীর’। অনলাইন প্রকাশনা শিশু-কিশোর সাময়িকী “ইলিক ঝিলিক” ও ছড়াবিষয়ক কাগজ “টাপুর টুপুর”-এর সম্পাদকও তিনি। এম.সি. কলেজ সিলেট-এর বার্ষিকী ‘পূর্বাশা’র সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজজীবনে। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। এরপর দুইবার কার্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরীর সুপরিচিতি ব্যাপক। সাদামনের মানুষ হিসেবে সকল মহলের ভালোবাসার প্রিয় একজন মানুষ। ৬৩তম জন্মদিনে তিনি দেশ-প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

বরেণ্য এই লেখকের ৬৩তম দিনে জন্মদিনে বের হয়েছে ‘পাপড়ি : সুফিয়ান আহমদ চৌধুরী স্মারক সংখ্যা’ ও ‘স্বদেশকণ্ঠ : সুফিয়ান আহমদ চৌধুরী ৬৩তম জন্মদিন সংখ্যা’। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা জন্মদিন উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে দেশ-বিদেশের কবি-সাহিত্যিক-সাংবাদিক-সংগঠকগণ। ‘ছড়া পরিষদ, সিলেট’ আয়োজন করেছে তাঁর জন্মদিনের বিশেষ আয়োজন।