নিখোঁজ আমি || রাশিদুল ইসলাম রাশেদ
নিখোঁজ আমি
রাশিদুল ইসলাম রাশেদ
সেদিন শেষ বিকেলের আলোয় আমি নিজেকে খুঁজেছিলাম,
সেখানে নিঃসঙ্গ একটা পৃথিবী ছাড়া আর কিছুই খুঁজে পাইনি।
গোধুলির রক্তিম সূর্যের মতো নিজেকে দেখেছিলাম সেদিন,
যেখানে চারপাশে একাকীত্বের সুর বেজে চলেছিল।
আমার মনে হয়েছিল এ যেন শীতের সন্ধ্যার ধোঁয়াময় পৃথিবী,
যেখানে মানুষসহ সকল প্রাণীও ঘরে ফিরে আসে,
কিন্তু আমি একজনকে আর কখনোই ফিরে আসতে দেখিনি!
সেদিন ঘোর লাগা ঘুমহীন রাত্রিতেও আমি নিজেকে খুঁজেছিলাম,
সেখানে শূন্যতার একটা মহাবিশ্ব ছাড়া আর কিছুই খুঁজে পাইনি।
যেখানে স্থান ও কাল দুটোই স্থির হয়ে গিয়েছিলো,
আমি অন্ধকার এক অতল গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছিলাম,
যে সমুদ্রের কোনো ঢেউ ছিলোনা,কোনো কোলাহল ছিলোনা,
ছিলোনা একটা সুন্দর মানুষের স্পষ্ট মায়ার ধ্বনি!
সেদিন কাক ডাকা ভোরে আমি আবারও নিজেকে খুঁজতে গিয়েছিলাম,
সেখানে শূন্যতার কা কা শব্দ ব্যতীত আমি আর কিছুই খুঁজে পাইনি।
আমার হঠাৎ মনে হয়েছিল চারপাশে কোন মানুষ নেই,
কোনো মায়া নেই,কোনো জীবন নেই,নেই কোনো প্রেমময় সুন্দর আদুরে স্পর্শানুভূতি,
যেনো মানুষগুলো সব পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছে।
আমি প্রাণবন্ত সকালেও একটা নিস্তব্ধ পৃথিবী দেখেছিলাম।
যেখানে পরিচিত একটা সুন্দর হৃদয়কেও আমি খুঁজে পাইনি!