কটিয়াদীতে পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
বিটিভির উপস্থাপক জাহাঙ্গীর আকবর শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার ক্ষেত্রে এ উদ্যোগটি চমৎকার! এ ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে। বই পড়াসহ সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে ৫জনকে মঞ্চে ডেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ করে দেন।
উপজেলা পাবলিক লাইব্রেরির সদস্য সচিব বদরুল আলম নাঈম জানান, প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে ল্যাপটপ ও দ্বিতীয় স্থান অর্জনকারীকে ট্যাবসহ বিশ জন করে মোট ষাট জন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্য জিসান আজাদ বলেন, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য অত্যন্ত শিক্ষাবান্ধব একজন মানুষ। তাঁর পরামর্শেই আমরা প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়বস্তু রেখেছিলাম শিক্ষার মানোন্নয়নে মাননীয় জাতীয় সংসদ সদস্য কি কি পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে মতামত তুলে ধরার। অংশগ্রহণকারীদের লিখনিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য সেসব পড়েছেন এবং কথা দিয়েছেন এসব বিষয়কে মাথায় রেখে শিক্ষার মানোন্নয়নের কটিয়াদী ও পাকুন্দিয়ায় কাজ করার।
ক-বিভাগে (ষষ্ঠ-অষ্টম) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. তাসনীম হক রাইয়ান, খ-বিভাগে (নবম ও দশম) কায়েস্থপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাজাহারুল ইসলাম ও গ-বিভাগে (একাদশ ও দ্বাদশ) কটিয়াদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া কবির প্রথম স্থান অর্জন করে।

পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশ আয়োজনে সহযোগিতা করে গুরুদেব এন্টারপ্রাইজ, শামস্ হার্ডওয়্যার ও টুলস্ এবং মোহন মটরস্।