তুমি কী তবে কাচের মতো
তোমার জন্য সহস্র মাইল পথ পায়ে হেঁটে পারি দেবো,
রেললাইনের এই সমান্তরাল পথে
যেখানে প্রতিটি পাথর যেন তোমার নীরবতার প্রতীক।
সূর্য অস্ত যায়,
রেলপথের লোহা গরম হয়ে ওঠে সন্ধ্যার রক্তিম ছোঁয়ায়,
আমি তবু হাঁটি
তোমার নামের প্রতিটি অক্ষর পায়ের ধুলায় লিখে যাই নিঃশব্দে।
তুমি কী তবে কাচের মতো?
ছোঁয়া মাত্র ভেঙে যাবে?
না কি আলোর কোণ পেলে ঝলমল করবে
অদেখা রংধনুর মতো?
ভালোবাসার কখনও মাটি ছোঁয়া হয় না,
সে শুধু বাতাসে ভাসে
যেমন দুটি সমান্তরাল রেলপথ
চলতে থাকে পাশাপাশি,
তবু কখনো মিশে না এক বিন্দুতেও।
রাতের ট্রেনের বাঁশি বাজে,
হাওয়া কানে ফিসফিস করে তোমার নাম,
মনে হয় ভালোবাসা বুঝি এমনই,
ছোঁয়ার নয়, শুধু অনুভবের মতো,
যেখানে শেষ নেই, আছে শুধু চলার প্রতিধ্বনি।
আমি তাই হাঁটি,
তোমার দিকেই,
জানি পৌঁছাতে পারবো না,
তবু প্রতিটি পদক্ষেপে তোমাকেই ছুঁয়ে থাকি।
লেখক-সাফায়েত সিদ্দিক