খুব শীঘ্রই বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে : সাভারে শাহজাহান খান
খুব শীঘ্রই বর্তমান সরকার দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন সময়ে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান আরও বলেন, বর্তমানে প্রায় দেড় লক্ষ মুক্তিযোদ্ধা মানুষের নাম জমা পড়েছে, মন্ত্রণালয়ে তা আমরা যাচাই-বাছাই করছি এবং খুব শীঘ্রই প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া রাজাকার-আলবদর-আলশামসদেরও নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।