রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

জাগো বুলেটিন ID: EP-35139

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলার নেতাকর্মীরা।

বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইউনুস, আওয়ামী লীগ নেতা নুর নবী চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুল করিম জুয়েল, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মনোনয়নপত্র দাখিল শেষে আবদুল কাদের মির্জা বলেন, নৌকাকে জয়যুক্ত করতে আমরা নিয়মিত মিটিং-মিছিল করছি। আগামী ৪ ডিসেম্বর থেকে কেন্দ্রভিত্তিক সভা করব। এরপর আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব। আগামী ৭ জানুয়ারিতে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেন সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

এদিকে সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, সর্বমোট পাঁচটি মনোনয়নপত্র নেন পাঁচজন প্রার্থী ও তাদের সমর্থকরা। তারা হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দুটি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মকছুদের রহমান মানিক এবং স্বতন্ত্র প্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল।

বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে কোম্পানীগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি মনোনয়নপত্র জমা দেন নেতারা। তার পক্ষে নেওয়া অপর মনোনয়নপত্রটি কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতারা কবিরহাট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন বলে জানা গেছে।