সাভারে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিংয়ের সম্মিলিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৪ এর সম্মিলিত কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের অষ্টম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, সশস্ত্র সালাম গ্রহণ এবং মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমিতে এই অনুষ্ঠান হয়।
সমগ্র বাংলাদেশ হতে বিএনসিসি’র সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৬৭১ জন বিএনসিসি ক্যাডেট এ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
ক্যাম্পিংয়ে বিএনসিসি ক্যাডেটদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, ফায়ারিং, সেনা, নৌ ও বিমান বাহিনীর পরিচিতিমূলক ক্লাস, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগে করণীয়সহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়াবলীর উপরে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন সাভার সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনসিসি’র সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিএনসিসিও, পিইউও, টিইউও, সামরিক প্রশিক্ষক এবং বেসামরিক কর্মচারীগণও এ কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন।