ময়মনসিংহে ১১ দফা দাবিতে আদিবাসীদের সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক আদিবাসী দিবস (২০২২) উদযাপন উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের পক্ষ থেকে বর্তমান সরকারের নিকট ১১ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর প্রেসক্লাব মিলনায়তনে ইউসিজিএম, গাছু, বাগাছাস, আওয়া, বিলা, আদিবাসী উদ্যোক্তা ফোরাম ও ড্রাইভার এসোসিয়েশনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইউ সি জি এম এর মহাসচিব অরণ্য ই চিরান, বাংলাদেশ ইন্ডিজিনাস লয়ার্স অ্যাসোসিয়েশন (বিলা) এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীনেশ দারু, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি বিপু বর্ষ রেমা, গারো স্টুডেন্টের প্রতিনিধি সম্ভাষণ চিরান, বাংলাদেশ আদিবাসী উদ্যোক্তা ফোরাম বৃহত্তর ময়মনসিংহের সভাপতি চম্পা বর্মন, ময়মনসিংহ আদিবাসী ড্রাইভার এসোসিয়েশনের সভাপতি দিপু রিছিল প্রমুখ।
সম্মেলনে ১১ দফা দাবি জানিয়ে বক্তাগণ বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। আদিবাসীদের জন্য জাতীয় সংসদে ৫ ভাগ সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান করতে হবে। সমতলের অধিবাসীদের ভূমির অধিকার রক্ষার জন্য আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। সংসদে সংরক্ষিত মহিলা আসনের সমতল আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করতে হবে। আইএলও কনভেশন নং ১০৭ এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে। আদিবাসী অধ্যূষিত এলাকায় স্থানীয় সরকার ও প্রশাসনের বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা বন মামলা ও অন্যান্য হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং বন আইন ২০১৯ সংশোধনসহ নতুন করে মিথ্যা বন মামলা দায়ের করা থেকে বিরত থাকতে হবে। আদিবাসীদের বংশানুক্রমিক ভাবে বসবাস করা সত্য দখলীয় ভূমিকে ঐতিহ্যগত ভূমি হিসেবে স্বীকৃতি প্রদান করে নিজ নিজ নামে বন্দোবস্ত প্রদান করতে হবে। আদিবাসী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প তৈরির পূর্বে আদিবাসীদের সাথে সুস্পষ্ট আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বক্তাগণ আরো বলেন, বৃহত্তর ময়মনসিংহ এলাকার আদিবাসীদের আশা ও বিশ্বাস আমাদের এ সকল দাবি দাবা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিবেন।