দেবীগঞ্জে চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল, প্রতিবাদ সমাবেশ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।
হামলার শিকার ওই চেয়ারম্যানের নাম আজগড় আলী। তিনি দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যানের উপর হামরার প্রতিবাদে শনিবার ১৩ আগষ্ট সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগড় আলী।
বক্তব্যে তিনি বলেন এক কুচক্রী মহলের ইন্ধনে আমার উপর হামলা করা হয়েছে। এর বিচার জনগন করবে, প্রশাসন করবে। আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন । অন্যায়ের বিপক্ষে থাকবেন । আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবা করতে পারি। আমি এর বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র রায়, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজু, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
প্রতিবাদ সমাবেশে নেতাকর্মী, সমর্থকসহ কয়েক হাজার জনগন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা চেয়ারম্যান আজগড় আলীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন। তারা আরও বলেন, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে আর কোন জনপ্রতিনিধির উপর হামলা করার সাহস না পায়৷
উল্লেখ্য, চেয়ারম্যান আজগড় আলী প্রতিদিনের ন্যায় কালীগঞ্জ বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং দলকে পরিচালনা করার জন্য নেতাকর্মীদের বিভিন্ন ভাবে দিকনির্দেশনা দেন। কার্যক্রম শেষ করে বাসার উদ্দেশ্য বের হলে কালীগঞ্জ বাজারের কলেজপাড়া এলাকার মোহাঃ আলম তার সহযোগীদের নিয়ে চেয়ারম্যান আজগড় আলীর উপর অতর্কিত ভাবে হামলা করে। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি কিছুটা সুস্থ হয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
এ ঘটনায় তিনি আলমকে প্রধান করে ১০ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।