রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়িতে ট্রাকের চাপায় মা মারাগেলেও বেঁচে যায় মেয়ে

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-15459

 

খাগড়াছড়ির মাটিরাঙায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছে। তবে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেছে তার ১ বছর বয়সী শিশু কন্যা।

শুক্রবার(২৬ আগষ্ট) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমবাগান এলাকায় ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রুমা আক্তার নামের ওই নারী। নিহত রুমা আক্তার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার রওসন আলীর মেয়ে। নিহতের স্বামীর বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।

স্বজনরা জানান, কিছু দিন আগে রুমার দাদী মারা যায়। সেখান থেকে শিশু কন্যাকে নিয়ে মাহিন্দ্রতে করে আজ সকালে স্বামীর বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, মাটিরাঙা থেকে তবলছড়ি গামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) সঙ্গে বিপরীত দিকে আসা মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলার প্রস্তুতি চলছে।