পঞ্চগড়ে নদীতে নৌকা ডুবি, মৃতদেহ বেড়ে হয়েছে ৪০
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধ শতাধিক আর নিখোঁজদের লাশের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পারে অবস্থান করছেন স্বজনেরা।
এর আগে গতকাল রোববার দুপুরে ১শ জনেরও অধিক যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। রাত পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করে রংপুর থেকে আসা ডুবুরিদল। সকাল ৭ টা হতে থেকে পূণরায় উদ্ধার অভিযান শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট ৪০টি মরদেহের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী এবং অধিকাংশ সনাতন ধর্মালম্বী।
সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি তাদের সাথে স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছে । সেখানে ভীড় করছে নিখোঁজদের স্বজনেরা।
ষাটোর্ধ্ব কৃষ্ণ চন্দ্র রায় ভাই এবং ভাইপোর খোঁজে এসেছেন আউলিয়া ঘাটে।
তিনি জানান, নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পুজায় যোগ দিতে তার ভাই নরেশ ও ভাইপো সিন্টু বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। নৌকাডুবির খবরে কাল থেকেই এখানে লাশের অপেক্ষা করছেন তিনি।
মাড়েয়া বটতলি এলাকার ধীরেন বাবুর দুই প্রতিবেশিসহ ৭ জন নিকটাত্মীয় এখনো নিখোঁজ। কাল থেকে তিনি নদীর পাড়ে অপেক্ষা করছেন।
বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.ইমরানুজ্জামান ৪০ জনের মৃতদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন।
নৌকা ডুবির বিষয়টি জানার পর পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নদীর ঘাট এলাকায় আসেন। নিহতদের পরিবারগুলোকে সমবেনা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হয়।