জঙ্গীবাদ প্রতিরোধে আহলেহাদিস তাবলীগে ইসলামের লিফলেট বিতরণ
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এগারো মাইল, চকরাধাকানাই এবং বালিয়ান এলাকায় তাবলীগের ভূমিকা ও কেন্দ্রীয় ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে দাওয়াতী কর্মশালা পালনের অংশ হিসাবে স্থানীয় জনসচেতনতায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি পদমর্যাদায় আমীর মুফতি মুনির উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চকরাধাকানাই মারকাজের আমীর ও জোড় ইজতেমা বাস্তবায়ন কমিটির সভাপতি ক্বারী আব্দুল খালেক, বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান, সহ-সভাপতি মাজাহারুল ইসলাম চানু, আলহাজ্ব সোহরাব, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, মোঃ নজরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, ইসলামি যুব তাবলীগের সভাপতি খায়রুল বাশার আব্দুল্লাহ, সহ সভাপতি হাফেজ নাজমুল হুদা, আঃ বাছির সহ আরও অনেকে।
মুনির উদ্দিন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের লিফলেট বিতরণ কার্যক্রম সফল হয়েছে। এসময় তিনি মহান আল্লাহ সর্বশক্তিমানের কাছে দেশ ও জাতিকে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের ভয়াল কালো হাত থেকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, অত্র মারকাজের নবগঠিত কমিটি গঠনের পর তারা ইজতেমা বাস্তবায়নে ব্যাপক দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ১৪, ১৫ এবং ১৬ ডিসেম্বর চকরাধাকানাই মারকাযে ৩দিন ব্যাপী বাৎসরিক ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও উপজেলার আন্ধারিয়া পাড়া সংগঠনটির কেন্দ্রীয় মারকাজে ০২, ০৩ এবং ০৪ নভেম্বর বাৎসরিক ইজতেমা অনুষ্ঠিত হবে।