পঞ্চগড়ে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সাদৃশ্য মুর্তি উদ্ধার
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সাদৃশ্য মুর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকার ৫শ গজ ভিতরে এক বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় মুর্তিসহ বস্তুটি উদ্ধার করে।
মূর্তিটি উদ্ধার করেন নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্ত টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এদিকে শনিবার (২৯ অক্টোবর) সকালে পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয়েছে মুর্তিটি।
নীলফামারী- ৫৬ বিজিবির লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টোকাপাড়া সীমান্ত এলাকায় এক বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল মুর্তিটি। গোপন সংবাদের ভিত্তিতে টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযান কালে সীমান্ত এলাকার এক বাড়িতে পরিত্যক্ত অবস্থায় মুর্তিটি উদ্ধার করে। পরে পরীক্ষার জন্য নীলফামারী ব্যাটালিয়নে প্রেরণ করা হয়।
এদিকে বস্তুটির ওজন ৯৫ কেজি ৮শ গ্রাম।
লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানান, কষ্টিপাথর না অন্য কোন কিছু তা এখনি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। তবে এটি পরীক্ষার পর মূল্যবান কোন কিছু হয়ে থাকলে মিউজিয়ামে রাখার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।