সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল কালাম – সা.সম্পাদক শুভ মালী নির্বাচিত
‘প্রতিবন্ধী ব্যক্তির সামজিক মর্যাদা ও অধিকার সুরক্ষায় কর্মরত’ পটুয়াখালীর গলাচিপা পৌরসভা সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আবুল কালাম হুইল চেয়ার মার্কা ১৫৪ ভোট পেয়ে সভাপতি ও শুভ মালী সাধারণ সম্পাদক পদে দেওয়াল ঘড়ি মার্কা ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি পদে কাঁলাচান বিশ্বাস আনারস মার্কা ৮৭ ভোট, ক্যাশিয়ার পদে মোসাঃ সাথী বেগম কলস মার্কা ১৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৯ টায় সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এসময় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে পুলিশ বাহিনী কাজ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও ক্যাশিয়ার পদে ২ জন করে চারটি পদের বিপরীতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ২০৭ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৩৩ টি ভোট বাতিল হয়। এছাড়া কার্যনির্বাহী পরিষদের নয়টি পদের মধ্যে পাঁচটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক পদে মোঃ বেল্লাল ফটিক, প্রচার সম্পাদক পদে মোঃ কবির হোসেন, ক্রিড়া সম্পাদক পদে মোসাঃ খাদিজা বেগম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে মোসাঃ সুখী আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক পদে লিটন মালী নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন রিপন এর পরিচালনায় নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে মোঃ চুন্নু হাওলাদার ও সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন পাল। এদিকে নির্বাচনকে ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটার ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করে। ছোট, বড় পোষ্টারে ভোট কেন্দ্রের আশপাশ সেজে ওঠে।
উল্লেখ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ও তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে প্রতিবন্ধী সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠন করে।