গলাচিপা সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো: আরিফ হোসেন (৪২) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উলানিয়া কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে। নিহত আরিফ হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নেয়র আফাল কাঠি গ্রামের মান শরীফের পুত্র। গত এক মাস আগে ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আটখালী গ্রামের হাকিম আলী মোল্লার মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করে শশুর বাড়ীতে বসবাস করত। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অটোরিকশা চালক আরিফ হোসেন যাত্রী নিয়ে গলাচিপা থেকে উলানিয়া যাওয়ার পথে উলানিয়া কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই টমটমের সাথে থাক্কা লেগে অটোটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। যাত্রীরা তীরে উঠতে পারলেও অটো চালক তীরে উঠতে পারেনি। স্থানীয়রা অটোচালক আরিফ হোসেনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ থানায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।