দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধে সংবাদ সম্মেলন
নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও ভেজা বালু সহ অধিক বোঝাই ট্রাক পরিবহন বন্ধে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপুর উপজেলাবাসী। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলাবাসীর পক্ষে আতিক খান অজয় লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা প্রশাসনের অ-ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন, ভেজা বালু পরিবহন, অতিরিক্ত বালূ পরিবহন সহ নানা কারনে শহরের পরিবেশ নষ্ট হওয়ায় এলাকাবাসী বিভিন্ন সময়ে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বালু মহাল সরেজমিন পরিদর্শন করে ইজারা বিধি মোতাবেক বালু
উত্তোলনের নির্দেশ দেন। পরবর্তিতে এর বেত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এর পরেও প্রতিদিন শত শত গাড়ি ভেজা বালু পরিবহন করে শহরের পরিবেশ নস্ট করা স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় এলাকাবাসীর পক্ষে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। বালু উত্তোলনের ক্ষেত্রে বিধিতে উল্লেখিত নির্ধারিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না বিধায় এ বিষয়ে জেলা, উপজেলা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আমরা নিরাপদ দুর্গাপুর চাই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শেখ আল আমিন,যুবলীগ নেতা রফিক রাজা, মোঃ সেকান্দার, মঞ্জুরুল হক, মুজিবুর রহমান, তারা মিয়া, পাপন সরকার, আনোয়ার হোসেন, মোতালিব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।