গলাচিপায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
‘হৃদয়ে বাংলাদেশ, কাতার বিশ্বকাপে ব্রাজিল’ বুকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ব্রাজিল সমর্থকরা প্রিয় দলকে কাতার বিশ্বকাপে স্বাগত জানাতে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের লম্বা বিশাল আকারের ব্রাজিল পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। শতশত ব্রাজিল সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেয়। কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনা হাওয়ার ঢেউ বইছে বাংলাদেশের ছোট্ট শহর গলাচিপায়। শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনায় উড়ছে প্রিয় দলের পতাকা। আনন্দ উল্লাসে মেতে উঠেছে শহরের ছোট বড় সকল শ্রেনীর মানুষ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে গলাচিপা পৌর শহরের হাইস্কুল খেলার মাঠ থেকে জাতীয় পতাকা হাতে, ব্রাজিলের জার্সি গায়ে, ঢাকঢোল বাজিয়ে ও সাউন্ড বক্সের গানের তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’। এই আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় হাজার খানেক সমর্থক। এসময় ব্রাজিল ও নেইমারের স্লোগানে মুখরিত করে তোলে পৌর শহর। এবারের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলই বিজয়ী হবে এমনটাই আশা করছেন দলটির সমর্থকরা।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাজিল সমর্থক ও শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকরা বলেন, আমরা খুবই আনন্দ উপভোগ করছি। খেলা হচ্ছে একটি বিনোদন। আমরা ফুটবলকে ভালোবাসি, ব্রাজিল ভালোবাসি ও প্রিয় খেলোয়াড় নেইমারকে ভালোবাসি। আমরা আশা করছি ব্রাজিল এবার বিশ্বকাপ জয়ী হবে। এবার কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রিয় দল ব্রাজিল শিরোপা অর্জন করবে এটাই প্রত্যাশা।