রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৩শ কি.মি. হাঁটছেন বিমল পাল

জাগো বুলেটিন ID: EP-21710

বিজয়ের মাসে দেশের মানুষের কাছে অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দিতে বীর ‍মুক্তিযোদ্ধা বিমল পাল ৩০০ কিলোমিটার হাঁটছেন। মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা হয়ে পথচারীদেরকে জানিয়ে দিচ্ছেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে পায়ে হেঁটে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাকবাংলোয় এসে সকাল ১০ টার দিকে যাত্রা বিরতি করেন। এসময় তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কবি, স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এর আগে গত ১ ডিসেম্বর বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মুজিব চত্বরে এ পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ময়মনসিংহের টাউন হল থেকে যাত্রা শুরু করে ফুলবাড়িয়া, ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও নান্দাইল হয়ে পায়ে হেঁটে ঈশ্বরগঞ্জ আসেন ৬ অক্টোবর মঙ্গলবার সকালে।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়ে এই পদযাত্রা শুরু করেছি। যত দিন বেঁচে থাকবো, প্রতি বছর এক কিলোমিটার করে বাড়িয়ে হাঁটব। এই বীর মুক্তিযোদ্ধার বয়স এখন ৭০ বছর। তিনি আরও বলেন, ‘ ব্যক্তি বিমল পাল হিসেবে নয়, আমি সব মুক্তিযোদ্ধার পক্ষ হয়ে হাঁটছি। আমি মনে করি, মুক্তিযুদ্ধের সময় যে অসাম্প্রদায়িকতার ডাক ছিল, সেটি এখনো পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি। এ কারণে আমি এই চেতনা ছড়িয়ে দিতে হাঁটতেই থাকব।’

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতে হাঁটছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। এতে বর্তমান প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং এটি তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উজ্জীবিত করবে।