গাজীপুরে তাকওয়া পরিবহনের বাসে আগুন
গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাসে আগুন দিয়েছে উত্তেজিত লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। বাসটির ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা উল্টে একজন আহত হওয়ার পর গাড়িটিতে আগুন দেওয়া হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, দুপুরে নাওজোর এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে আসা একটি সিএনজি অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এতে সিএনজি চালক আহত হন। পরে আশপাশের লোকজন তাকওয়া পরিবহনের ওই মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, উত্তেজিত জনতা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রীরা আগুন দেওয়ার আগেই বাস থেকে নেমে যান।