পঞ্চগড়ে ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে মনুজান (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকার বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
মৃত মনুজান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মনুজান দুপুরে পরিবারের সদস্যদের সাথে তেঁতুলিয়ার কালান্দিগছ এলাকায় এক মৃত আত্মীয়কে দেখতে যান। সেখান থেকে সন্ধায় ফেরার পথে অতিরিক্ত রক্তচাপে কিছুটা অসুস্থ্য হয়ে পড়েন।এর পরে পরিবারের সদস্যরা তাকে ইজিবাইকে করে বাড়িতে নেয়ার পথে তেঁতুলিয়ার দৌলতপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত রক্তচাপের কারণে মাথা ঘুরে চলন্ত ইজিবাইক থেকে সড়কে পড়ে গিয়ে আঘাত পান। সাথে থাকা পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।