রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত
রাজধানীর ভাটায়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম মোসাম্মদ নাদিয়া (২৩)।
নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন জানান, রোববার দুপুরে নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বন্ধু অক্ষত আছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।