বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক
নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমিতে বোরো চারা রোপনে ব্যস্ততম সময় পার করছেন কৃষকরা। শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল-চাষ, জমির আইল নির্মাণ, সেচ, চারা রোপনের কাজ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় সরে জমিনে দেখা যায়, আগাম জমি প্রস্তুত করে কে বা কারা আগে ধানের চারা রোপন করবেন এমন প্রতিযোগীতা চলছে কৃষকদের মাঝে। এ যেনো উত্তর বঙ্গের কৃষকদের ঈদ আনন্দ। কেউ জমিতে সার-গোবর দিচ্ছেন, কেউ শ্রমিকদের তদারকি করছেন, আবার কেউ চারা রোপন করছেন অনেকে জমির আগাছা বাছাই করে এক স্থানে স্তুপ করে রেখে তা পরিচর্চা করে জমিতে ব্যবহার করছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন উপজেলার সর্বত্র।
এব্যাপারে উপজেলার কৃষক আব্দুল হামিদ জানান, আমরা এবার আমন ধানের দাম ভালো পাইছি। তাই আগেবাগেই ইরিবোরো ধানের চাষ শুরু করছি। কৃষক ওয়াহেদ আলী জানান, কোন প্রাকৃতিক দুর্যোগ এসে যেন ফসল নষ্ট করতে না পারে, তাই আমরা আগাম জাতের ইরি-বোরো ধানের আবাদ করতেছি। যাতে বর্ষা আসার আগেই ধান কাটবার পাই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, উপজেলার কৃষকরা শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছে। আবহাওয়া অনূকূলে থাকলে বোরো ধানের ফলন ভাল হবে। এ উপজেলায় গত বোরো মৌসুমে প্রায় ১১ হাজার হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। চলতি মৌসুমে ১১,২৫২ হেক্টর জমি বোরো ধানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে ৬,৮০০ জন ক্ষুদ্র ও মাঝারি কৃষদের মাঝে প্রনোদনার আওতায় বোরো ধানের বীজ বিতরন করা হয়।