আবারো ইবি ভিসির কন্ঠসদৃশ আরেকটি অডিও ভাইরাল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ নিয়োগ সংক্রান্ত আরেকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার (৬ মার্চ) রাতে ফারাহ জেবিন ও আল বিদা নামে দুটি ফেসবুক আইডি থেকে অডিওটি আপলোড করা হয়।
অডিওটিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সদৃশ কন্ঠকে বলতে শুনা যায়, জি আলহামদুলিল্লা, আপনি ভালো আছেন। আমি ঢাকায় আছি। কালকে যাবো। ১২ তারিখে আমাদের একটি মিটিং ছিলো। ইঞ্জিনিয়ারিং হতে পারে কয়েকটা সার্কুলার দিয়েছে বলে গতকাল বা গত পরশু। শুনেন ভাই আপনার যে নির্দিষ্ট যেটা দিতেই হবে এটা কম জিনিস না হ্যা এটাই আমাকে একটু আগেই করে রাখবেন আরকি।
তিনি আরও বলেন, আপনার আরেকটা ভাইজি ছিলো না ইকোনোমিকসের জন্য। আমি এইটা নিয়ে একটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু এইটা আমি মনে রাখসি। ও ফার্স্ট বা সেকেন্ড না হলেও আমি করবো। আচ্ছা যাহোক আপনার কেবল এক গেছে তাইতো। আপনি এপ্লাই টেপ্লাই করেন। যখন আপনার ভাইবা কার্ড পাবেন হ্যা আর ওখানে খেয়াল রাখবেন যেনো ভাইবা থেকে না বাদ পড়ে। ও এপ্লাই করে এসে প্রথমে আমার সাথে দেখা করুক। আপনাকে ভাইবা পর্যন্ততো প্রথমে আসতে হবে। রিক্রুমেন্টের যে রুলস গুলো সেগুলোতো আমাকেও করতে হবে। আপনি আমার কাছেই পাঠান আর ওর নামটা বলেনতো ‘জুবায়ের’ আর ওকে আপনার রেফারেন্স দিয়ে আমার সাথে সরাসরি যেনো দেখা করে।
এর আগেও উপাচার্যের কন্ঠসদৃশ নিয়োগ সংক্রান্ত একাধিক অডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসময় বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছিলো ইবি শিক্ষক সমিতি। একই ঘটনায় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
তবে এঘটনায় উপাচার্যের কোনো বক্তব্য পাওয়া যায়নি।