আশুলিয়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় ডাকাতিকালে প্রতিরোধ করতে গিয়ে ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাত ৩টার দিকে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত মফিজুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। তিনি কাঠগড়া নয়াপাড়া এলাকার ইউসুফের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে। বুঝতে পেরে চিৎকার করলে পাশের বাড়ির ভাড়াটিয়া মফিজুলসহ কয়েকজন এগিয়ে আসেন। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন মফিজুল। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে এটা ডাকাতি নাকি ব্যক্তিগত কোনো পূর্ব শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।