রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে স্বাধীনতা দিবস পালিত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-26795

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল ৭ ঘটিকা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ ও স্কাউট বাদ্যদলের অংশগ্রহণে সংক্ষিপ্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ ইসরাইল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরুল আলম নাঈম।
এর আগে কুচকাওয়াজ মঞ্চে অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন। প্যারেড কমান্ডার ছিলেন কটিয়াদী মডেল থানার এসআই দুলাল মিয়া।