পঞ্চগড়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৭ জনের নামে মামলা
সাংবাদিকের উপর হামলা, মারধর মেরে ফেলার হুমকির ঘটনায় মামলা হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাব রেজিস্ট্রারসহ ৭ জনের নামে আটোয়ারী থানায় ১৩ এপ্রিল রাতে এ মামলা দায়ের হয়েছে।
এটিএন বাংলা ও এটিএন নিউজের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্টি অফিসের সাব রেজিষ্টার মিজানুর রহমানের ব্যাপক অনিয়ম, ঘুষ বানিজ্য আর দুর্নীতির অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে লাঞ্চিত ও হেনস্তা, মারধর আর হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার।
পরে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এস ও জবাবদিহি পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রউফ এগিয়ে আসলে তাকেও একই কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
এসময় সাথে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ষ্টাফ রিপোর্টার আব্দুর রহিম, পঞ্চগড় প্রতিনিধি সোহাগ হায়দার ও ভোরের আকাশের পঞ্চগড় প্রতিনিধি নুর হাসান ফুটেজ করার সময় এ ঘটনা দেখে এগিয়ে আসলে তাদের সাথেও কথা কাটাকাটি হয়।
একই সময় বাইরে কর্মরত সময় টিভির ষ্টাফ রিপোর্টার আব্দুর রহিমের সহায়তায় পুলিশের মাধ্যমে ওই দুই সাংবাদিককে বের করে আনা হয়।
এ ঘটনায় আটোয়ারী থানায় ৭ জনের নাম উল্লেখ করে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে এটিএন বাংলার রিপোর্টার সিদ্ধার্থ কর্মকার।
আসামিরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার লোকমান আলীর ছেলে সাব রেজিষ্টার মিজানুর রহমান, মৃত নজিবুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম, আব্দুস সাত্তারের ছেলে নাসিরুল ইসলাম ইসলাম, সর্দারপাড়া এলাকার সৃত নাজিরের ছেলে গোলাম উদ্দীন, রাধানগর এলাকার হাসান আলীর ছেলে জাহেরুল ইসলাম, ছোটধাপ এলাকার আব্দুল গোফরের ছেলে রুস্তম আলী, সুখ্যাতি এলাকার মিজারুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জন ।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে আটোয়ারী উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে।
এর আগে অফিস চত্বরে সময় টিভির রিপোর্টার ও ওই দুই সাংবাদিকসহ ৫ জনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সাব রেজিস্ট্রার মিজানুর রহমান।
তিনি পরে আড়াল থেকে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার নির্দেশ দেন সাব রেজিষ্টার মিজানুর রহমান। তার নির্দেশ পেয়েই আসামীরা সাংবাদিকদের উপর হামলা করে। হামলাকারীরা অধিকাংশই রেজিষ্টি অফিসের দলিল লেখক।
অফিস চত্বরের বাইরে কর্মরত সময় টিভির রিপোর্টার আব্দুর রহিম ফুটেজ করার সময়
স্থানীয় ও ভূক্তভোগীরা জানায় অনিয়ম, দুর্নীতি আর জন ভোগান্তির কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্ট্রার অফিস। এখানে টাকা ছাড়া মিলেনা কোন সেবা। জমি রেজিষ্ট্রি সংক্রান্ত সেবা নিতে এসে এসব অনিয়মের শিকার ভুক্তভুগীদের অভিযোগ।
নিজের হাতে ঘুষের টাকা না নিলেও নাইটগার্ড কাম অফিস সহকারী কমিরুল ইসলামের মাধ্যমে টাকা না দিলে কোন কাজই করতে চান না সাব রেজিষ্টার মিজানুর রহমান বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনার পর সাব রেজিষ্টার মিজানুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।
জেলা সাব রেজিষ্টার মো: রেজাউল করিম বকসী বলেন, আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য যেতে পারেন। আপনারা বলেছেন আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।