আশ্রয়ন প্রকল্পের মানুষের সাথে ঈদ উদযাপন করেন কোম্পানীগঞ্জে ইউএনও
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী চাকরি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কথা ছিল দুইজন একসাথে ঈদ উপভোগ করবে। কিন্তু আশ্রয় প্রকল্পের মানুষগুলোর কথা চিন্তা করে মোঃ মেজবাউল আলম ভূঁইয়া যাওয়া হলো না পরিবারের সাথে ঈদ উদযাপন করতে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল আলম ভূঁইয়া উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজ শেষ করে ছুটে গেলেন আশ্রয়ন প্রকল্পের মানুষগুলোর কাছে এবং তাদের জন্য নিয়ে গেলেন ঈদ উপহার সামগ্রী।
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর (ঘোরিয়া দিঘি) ইউনিয়নে আশ্রয় প্রকল্পে মোট ৯টি পরিবার বসবাস করে।
শনিবার ঈদুল ফিতরের দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল আলম ভূঁইয়া ছুটে যান পরিবার গুলোর মাঝে এবং ঈদ উপহার নিয়ে তাদের সাথে ঈদ উপভোগ করেন।
আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা মোঃ আব্দুল হামিদ (৫৫) বলেন, এত বড় সরকারি কর্মকর্তা ঈদের দিনে আমাদের সাথে এসে ঈদ উপভোগ করছেন। এটা সত্যিই আমাদের কাছে অন্যরকম পাওয়া।
স্থানীয় বাসিন্দারা বলেন, যেখানে আমরা সাধারণ মানুষেরা পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। সেখানে এত বড় সরকারি কর্মকর্তায় এসে আশ্রয়ন প্রকল্পের মানুষ গুলোর পাশে থেকে ঈদ উদযাপন করছে এটা সত্যিই বিরল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল আলম বলেন, ঈদ উদযাপন করার কথা ছিল চট্টগ্রামে আমার পরিবারের সাথে। কিন্তু কেন জানি মনে হল সারা বছর তো পরিবারের সাথে ঈদ উদযাপন করি। তাই এবার অসহায় মানুষের সাথে ঈদ উপভোগ করব। তিনি আরো বলেন আমি এই উপজেলা যোগদানের পর থেকে আশ্রয়ন প্রকল্পের কাজগুলো কাজ করতে গিয়ে তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই এটি আমার আরেকটি পরিবার মনে হয়।