বাড়ি ফেরা হলো না প্রবাসী রিয়াদের
ওমানের দুখুম এলাকায় ৩ তলা ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করা অবস্থায় পড়ে গিয়ে দেলোয়ার হোসেন রিয়াদ(২৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত রিয়াদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজিম খাঁ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ২ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে ওমান পাড়ি দেন রিয়াদ। সম্প্রতি বাড়ি আসার কথা ছিলো। কিন্তু আর আসা হলোনা।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে ওয়েল্ডিং এর কাজ করার সময় পড়ে গিয়ে গুরতর আহত হন। এসময় তার সাথে থাকা লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াদের বাবা আনোয়ার হোসেন জানান, আমার আদরের ছেলেটার আর বাড়ি আসা হলোনা। সে অনেক স্বপ্ন দেখতো। কিন্তু এ কি হয়ে গেলো। এসময় তিনি রিয়াদের লাশ দেশে আনতে সরকারের সাহায্য কামনা করেন।