কটিয়াদীতে হাওরের মাছ রক্ষায় অবৈধ কারেন্ট জাল জব্দ
হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষন এবং মৎস্য বিষয়ক আইনে কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও হাওরের শিমুহা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় পাঁচশতাধিক অবৈধ ম্যাজিক কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের উপস্থিতিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, হাওরে দেশীয় মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে করগাঁও হাওড়ের শিমুহা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।