রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন তৈরীর সরঞ্জাম জব্দ

জাগো বুলেটিন ID: EP-28753

কিশোরগঞ্জের কটিয়াদীতে নকল জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও শিক্ষা সার্টিফিকেট ডুপ্লিকেট ভাবে তৈরীর ব্যবসা করে আসছে লোহাজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাকসেস কম্পিউটার ট্রেনিং সেন্টার। গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
প্রতিষ্ঠানটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, শিক্ষাসনদ তৈরি করে মানুষকে প্রতারিত করত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি টের পেয়ে কম্পিউটার সেন্টারটি সহ আশে পাশের সকল কম্পিউটারের দোকান বন্ধ করে চলে যায়। প্রতিষ্ঠানটির মালিক মোশারফের বাড়িতে গেলে বাড়িটিও তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির তালা ভেঙে ভুয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ধরনের সনদ, পাসপোর্টের ডেলিভারী স্লিপ, কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার, লোহাজুরী ইউনিয়ন চেয়ারম্যানের সীলসহ বিভিন্ন জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
জানা যায়, একই উপজেলার করগাঁও ইউনিয়নের জন্ম নিবন্ধনধারী এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্রের বয়স কমানোর জন্য লোহাজুরী ইউনিয়ন থেকে নতুন করে জন্মনিবন্ধন তৈরি করেন। বিষয়টি করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো: নাদিম মোল্লা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে। পরে বিষয়টি অনুসন্ধান করে জানতে পারেন, একটি চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাকসেস কম্পিউটার সেন্টার জাল পরিচয়পত্র ও জন্মনিবন্ধন তৈরির ব্যবসা করে সাধারণ মানুষদের প্রতারিত করে আসছে। প্রতিষ্ঠানটির মালিক মোশারফ হোসেন লোহাজুরী ইউনিয়নের ইমাম উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।