মানিকছড়িতে ৯৫৪ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ
মানিকছড়ির ২নং বাটনাতলী ইউনিয়ন ডাইনছড়ি বাজারস্থ বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও প্রকল্প পরিচালক, সদস্য বাস্তবায়ন, উপসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে (২য় পর্যায়) বাটনাতলী ইউনিয়নে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত ৯৫৪ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৩ জুন দুপুর ১২টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, এছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম সহ মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ, সংগঠনের নেতাকর্মী, উপকারভোগী পাহাড়ি, বাঙালি নারী, পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রত্যন্ত এলাকায় সোলার হোম সিস্টেম বিতরণ সহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে। বাটনাতলী ইউনিয়নে সোলার প্যানেল বিতরণে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাসী, জঙ্গিবাদ ও মৌলবাদের আওয়ামী লীগে ঠাঁই নেই। বিএনপি শান্তি চুক্তির বিরোধিতা করেছে, তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাঙালিরা পাহাড়ে থাকতে পারবেনা, মসজিদে আযানের পরিবর্তনে কীর্তন, উলুধ্বনি শোনা যাবে। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করাই বিএনপির চরিত্র। বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে এবং শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছেন।