ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৌরসভাসহ এগারোটি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-(২) এবং ২০২৩-২০২৪ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
(১৫ জুন)বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বীজ ও সার বিতরণকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবার উপজেলায় ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের রেপা আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলার মোট ৮৫০ জন কৃষক উন্নত জাতের রোপা আমন ধানের বীজ এবং সার পাবেন। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।