কংশ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংশ নদীর কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৩৮ ঘণ্টা পর নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নিখোঁজ স্বপন মিয়ার(২২) মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ফকিরা বাজার বেতাডি নামক এলাকা থেকে উদ্ধার হয় ও সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকেই সোহেল মিয়ার (২০) লাশ উদ্ধার হয়েছে।
মৃত স্বপন মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন গ্রামের আবু সিদ্দিকের ছেলে এবং সোহেল মিয়া পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কয়েকজন একটি দল নৌকা নিয়ে নদী পথে লাশের সন্ধানে গেলে ফেরার পথে নদীতে ভাসমান স্বপনের মৃত দেহ দেখতে পায় তারা ও সোহেল মিয়ার মরদেহ ঘটনাস্থলেই ভেসে উঠে। আর গতকাল বৃহস্পতিবার ভোরে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়ে নিখোঁজ মাহাবুবের (১২) মরদেহ।
এর আগে গত বুধবার (০৫ জুলাই) কংশ নদীর পূর্বধলা উপজেলার জামধলা বাজার ঘাট থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দুর্গাপুর উপজেলার কাকৈড়গড়া ইউনিয়নের কৈলাটি নতুনবাজার ফেরিঘাটে যাচ্ছিল। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে প্রচন্ড স্রোতের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকার প্রায় ২০ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় তিনজন যাত্রী নিখোঁজ হয়েছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহতের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা দাফন কাফনের জন্য প্রদান করা হয়েছে।