মাইকে ঘোষণা দিয়ে এবং ঢাক ঢোল পিটিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে, ঢাক ঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে দুই ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার শিমুল বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। চলে প্রায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
ঢাক ঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। তবে পুলিশ ও ইউনিয়ন চেয়ারম্যানগণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালীন পাত্রাইল গ্রামের কয়েক যুবক পুকুরপাড় গ্রামের ৪ জনকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাত্রাইল গ্রামের পক্ষে কালামৃধা ইউনিয়নের বাসিন্দারা এবং পুকুরপাড় গ্রামের পক্ষ আজিমনগর ইউনিয়নের বাসিন্দারা ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এসময় ঢাক ঢোলও বাঁশি বাজানো হয়। দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম সাংবাদিক দের জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়ে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেও বলে জানান তিনি।