নড়াইলে পূজা মণ্ডপ পরিদর্শনে মাশরাফী
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত এসব পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
লোহাগড়ার দিঘলিয়া পালপাড়া মন্দির পরিদর্শনকালে মাশরাফী বলেন, ভাই-বোনেরা আমরা ঈদের আনন্দ করি একদিন, আর তোমরা করো পাঁচ দিন। পূজায় তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তোমাদের মণ্ডপগুলো ঘুরছি। তোমাদের চেয়ে আমাদের আনন্দ বেশি।
তিনি বলেন, আপনাদের পূজামণ্ডপের ছাদ হয়েছে, সংস্কার হচ্ছে। আপনাদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায়। আপনাদের আরও উন্নয়ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনলে। আপনারা বংশপরম্পরায় আওয়ামী লীগ সমর্থন করছেন। আশা করি, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে ধারাবাহিক উন্নয়নের সুফল আপনারা ভোগ করবেন।
মাশরাফী আরও বলেন, সারা দেশের উন্নয়ন করতে হলে তো আবারও ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে হবে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখবেন, সেই প্রত্যাশাই করি।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে নিজ সংসদীয় আসনের মণ্ডপে মণ্ডপে ঘুরছেন মাশরাফী। এসময় জেলা ও উপজেলাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।