স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ: রেলমন্ত্রীর ব্যক্তিগত স্বেচ্ছাচারীতায় সম্পাদকের পদ থেকে সরানো হয়েছ
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চগড়-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট অভিযোগ করেছেন রেলমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন ব্যক্তিগত স্বেচ্ছাচারীতায় তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক, মনগড়া ও স্বেচ্ছচারীতা। কেন্দ্রীয় কোন নেতা তার এই সিদ্ধান্তের সাথে একমত নন বলে জানান তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণায় নির্বাচনের মাঠে এসেছেন তিনি।
গঠনতন্ত্রের বাইরে গিয়ে গত ২০ ডিসেম্বর রেলমন্ত্রী এমন একটি সিদ্ধান্ত নেয়ায় দলের মধ্যে প্রকাশ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব বহাল রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলার, প্রচার সম্পাদক রবিউল ইসলাম চানু, কৃষি ও সমবায় সম্পাদক সপিয়ার রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।