আমাকে এবং দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে : বিএনপিনেতা শহীদ চেয়ারম্যান
‘৪০ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি, গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের নিকু বানিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো: হাবিবুল ইসলাম খান শহীদ।
সোমবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেইসবুক আইডিতে লাইভ করে এ প্রতিবাদ জানান তিনি।
এ সময় শহীদ চেয়ারম্যান বলেন- গত ৯ মার্চ দৈনিক মানবকন্ঠ পত্রিকায় ‘৪০ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি, গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের নিকু বানিজ্য’ শিরোনামে একটি সংবাদটি প্রকাশিত হয়েছে। কিন্তু ওই সংবাদে আমাকে এবং ইউএনও মহোদয়কে সম্পৃক্ত করা হয়েছে। যা মিথ্যা এবং নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ইতিমধ্যে উপজেলবাসী জানতে পেরেছেন যে-সম্প্রতি উপজেলার ২১টি হাট ও বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি বাজারের ২০ থেকে ২৫টি শিডিউল বিক্রি হয়েছে। কিন্তু দরপত্র দাখিল হয়েছে ২ থেকে ৪টি। এর বেশি কেউ দাখিল করে নাই। ভুটিয়ারকোনা বাজার নিয়ে আমার নামে যে অপবাদ উঠেছে, সেটার আমি কিছু জানি না। কিন্তু প্রশাসনকে সম্পৃক্ত করে আমার নামে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা আমাকে জানিয়েছে যে- গত ৩ বছরের গড়মূল্য অনুযায়ী যে টাকা দাখিল করার কথা, ইজারাদার তার থেকে কিছু টাকা বেশি দিয়ে দরপত্র দাখিল করেছে। মোট কথা হলো- যে ইজারাদার গড়মূল্য বেশি দিয়েছে প্রশাসন তাকে বাজার দিয়েছে। এতে আমার বা আমার দলের কোন সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল আমাকে এবং আমার দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করেছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পযর্ন্ত শহীদ চেয়ারম্যানের এই প্রতিবাদ লাইভটি ইতিমধ্যে ৯৬০ জন ব্যক্তি রিয়েক্ট দিয়েছেন। এতে সহমত জানিয়ে কমেন্ট করেছেন ১১৭ জন এবং লাইভটি শেয়ার করেছেন ১৮৪ জন।