নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনের শেখেরঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করতেন। নিহতের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার ফোন দিলে তিনি কল কেটে দেন, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনের শেখেরঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নাঈমের বলে শনাক্ত করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।