ভাঙ্গায় জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মুস্তাকিম
জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭ এর উপজেলা পর্যায়ে খ গ্রুপে কবিতা আবৃত্তি ও নাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুস্তাকিম নাদিয়ান। সে ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার ফিল্ড অফিসার মো. রাসেল, জেলা কার্যালয়ের বিক্রয় সহকারী মো. ইউনুস মণ্ডল, ভাঙ্গা উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ এম রুহুল আমিন, ভাঙ্গা উপজেলা মডেল কেয়ারটেকার মো. ফরহাদ হোসেন, সহকারী পরিদর্শক মো. কিবরিয়া মুন্সি, সহকারী পরিদর্শক মো. আইয়ুব আলী, হাফেজ মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
কবিতা আবৃত্তি ও নাতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মুস্তাকিম নাদিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, সহকারী শিক্ষক ফাইজুর রহমান ও শুভাকাঙ্ক্ষীরা। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পড়াশোনার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুস্তাকিমের এই অর্জন তার প্রতিভা ও আগ্রহের পরিচয় বহন করে। ভবিষ্যতেও সে এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। মুস্তাকিম নাদিয়ান দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকা ও জাগো বুলেটিন অনলাইন নিউজ পোর্টালের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেনের ছোট ভাই।