নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা টিটিসি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ এবং নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, উদ্যোক্তা ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ প্রতিরোধ, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদিত প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের বিভিন্ন সমস্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।