পঞ্চগড়ে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান চর্চা ও শিল্পী তৈরির কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ে দুই দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড়ের আয়োজনে জেলা শহরের নাট্য সংগঠন ভূমিজের কার্যালয়ে শনিবার দুপুরে শেষ হয় এই প্রশিক্ষণ কর্মশালা। দুই দিনের আয়োজনে কিশোর ও সাধারণ দুই ক্যাটাগরিতে ২৫ জন রবীন্দ্র সংগীত প্রেমিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।
রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন দিক হাতে কলমে প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল ও সদস্য ফেরদৌস আরা লিপি। পরে তাদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে দুই ক্যাটাগরিতে তিন জন করে মোট ৬ জনকে নির্বাচিত করা হয়। মান নির্ণায়ক হিসেবে ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল মতিন সৈকত। এই সংগঠনের মাধ্যমে পঞ্চগড়ে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও শিল্পী তৈরি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পঞ্চগড়ের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, শাহনেয়াজ বেগম উপস্থিত ছিলেন।